বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা অত্যন্ত সাহসী বোধ করছি, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ নয় মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।’
তিনি বলেন, ‘আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি, আমরা সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটা আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের একটাই দুঃখ, এই দিনে আজকে আমাদের স্বাধীনতার আরেকজন সংগ্রামী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই।’