আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়। অপরাধীদের গ্রেপ্তারে সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে। গ্রেপ্তারে বাধা দেওয়া বা আসামিকে সহায়তা করার ঘটনা ঘটলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন, সম্ভাব্য নাশকতা ও বিরোধী দলের আন্দোলন নিয়ে চ্যালেঞ্জের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সব বিষয়ে দায়িত্ব রয়েছে, তবে চ্যালেঞ্জ নেই।