চট্টগ্রামে বিভিন্ন আড়তে অতিরিক্ত চাল মজুতের সত্যতা পেয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও খাদ্য বিভাগের কর্মকর্তারা। অতিরিক্ত চাল মজুতের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার বিকালে নগরীর চাক্তাই চালপট্টিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক আবুল মনসুর মোহাম্মদ হাবীব ও মোহাম্মদ সালাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানতে পারেন চাক্তাই চালপট্টি এলাকায় বেশ কিছু প্রতিষ্ঠান সরকারের নির্দেশনা অমান্য করে ও বাজারে স্থিতিশীলতা নষ্ট করতে অতিরিক্ত চাল মজুত করে রেখেছে। অভিযানে অতিরিক্ত চাল মজুত রাখায় ও ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় ‘মোহছেল আউলিয়া আড়ত’ ও ‘আল আমিন স্টোর’ নামে দুইটি চালের আড়তকে ৫ হাজার টাকা করে ১০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা যুগান্তরকে বলেন, অভিযানটি ছিল অবৈধ মজুতদারের বিরুদ্ধে। অতিরিক্ত মজুতের কারণে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আর কিছু প্রতিষ্ঠানতে সতর্ক করা হয়েছে। বেশকিছু প্রতিষ্ঠানে আমরা ফুড গ্রেইন লাইসেন্স পাইনি। তাদের আমি নির্দেশনা দিয়েছি, তারা যেন দ্রুত লাইসেন্স নিয়ে নেয়।