পায়ুপথে লুকিয়ে আনা ১.২৯ কেজি সোনাসহ যাত্রী আটক

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পায়ুপথে লুকিয়ে সোনা আনার অভিযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছে কাস্টমসের প্রিভেন্টিভ টিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা আরমান উদ্দিন সিদ্দিকীর কাছ থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ২৯০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা উদ্ধার করা হয়েছে। পরিশোধনের পর এগুলো থেকে আনুমানিক ১ কেজি খাঁটি সোনা পাওয়া যেতে পারে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

Translate