গোবিন্দের সঙ্গে মনোমালিন্য নিয়ে যা বললেন সুনীতা

দেড় বছর পর কলকাতার নিজের ফ্ল্যাটে ফিরেছেন বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। সেখানে এক সাক্ষাৎকারে নিজের আধ্যাত্মিকতা, কাজের ইচ্ছা এবং গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সুনীতা জানান, ১৫ বছর বয়সে গোবিন্দের সঙ্গে তার আংটিবদল এবং ১৮ বছর বয়সে বিয়ে হয়। প্রায় ৪০ বছর একসঙ্গে থাকার পরও বর্তমানে তাদের সম্পর্কে নানা টানাপোড়েন রয়েছে। গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে না চেয়ে তিনি বলেন, তিনি নিজের বিষয়ে কথা বলতেই চান।

গোবিন্দের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক নিয়ে আলোচনার প্রসঙ্গে সুনীতা বলেন, ‘যেখানে তাঁর খুশি তিনি থাকুন। আমি চাই তিনি ভালো থাকুন।’ একই সঙ্গে তিনি জানান, খারাপ লাগলে ভগবানের কাছে গিয়ে শান্তি খোঁজেন এবং নিজের কাজ নিয়ে এগিয়ে যেতে চান।

৫৬ বছর বয়সে নতুন করে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন সুনীতা। তিনি কলকাতা, হায়দরাবাদসহ দক্ষিণ ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। নারীদের উদ্দেশে তার বার্তা—নিজেকে ভালোবাসতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে এবং অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত নয়।

Translate