দেশের বাজারে বিগত প্রায় চার মাসে সোনার দাম ভরিতে ৩৯ হাজার ৬০০ টাকা বেড়েছিল। কয়েক দিনে দর কিছুটা কমেছে। যদিও দাম এখনো আকাশছোঁয়া, প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার টাকা (২২ ক্যারেট)।
আর্থসামাজিক নানা কারণে দেশের মানুষকে সোনার গয়না কিনতে বাধ্য হতে হয়। এ ক্ষেত্রে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্নবিত্তের ক্রেতারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সোনার গয়না বিক্রি কমে গেছে।
দেশে সোনার দাম কত হবে, তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির নেতারা বিভিন্ন সময় বলেছেন, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে মিলিয়ে তাঁরা দেশের দর ঠিক করেন। কয়েক দিন পরপরই নতুন দাম ঘোষণা করা হয়।