ঢাকার ধামরাইয়ে আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সাবেক একান্ত সচিব (পিএস) মো. মনোয়ার হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি ২০০৯-১০ সালে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ ভোর সাড়ে চারটার দিকে মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আদাবর থানার তথ্য অনুযায়ী, মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত একটি হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন আসামি। গত বছরের ২১ সেপ্টেম্বর মনির হোসেন বাদী হয়ে আদাবর থানায় এই মামলাটি দায়ের করেছিলেন।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন এবং তিনি সর্বশেষ সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।