প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হলে আইন-কানুন এবং বিধি-বিধান সঠিকভাবে নির্ধারণ করে অক্টোবরের মধ্যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে তিনি এ কথা জানান। সিইসি বলেন, “জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে পাওয়া লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কাজ আগেই শুরু করা সম্ভব হয়েছে। আমরা সরকারের অর্থ সাশ্রয় করতে চাই।”
নাসির উদ্দিন আরও বলেন, “নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য ‘রুলস অব দ্য গেম’ না থাকা বড় একটি সমস্যা। আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ অগ্রগতি করতে পারছে না। তাই আইন সংশোধন জরুরি।”
নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের কাজের সমালোচনা করে তিনি বলেন, “সুপারিশ দেওয়া সহজ, কিন্তু তা বাস্তবায়ন করা কঠিন।”
সীমানা নির্ধারণে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ না রাখার সুপারিশে দ্বিমত প্রকাশ করে সিইসি বলেন, “এটি ইসির এখতিয়ার। সীমানা নির্ধারণ ও ভোটার হালনাগাদে অন্য কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি এটি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হাতে চলে যায়, তবে ইসির ক্ষমতা খর্ব হবে।”