গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে এবং আলোচনার টেবিলে বসবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

রবিবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি ইউরোপ ও জার্মানি সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক, একাত্তরের অমীমাংসিত ইস্যু, গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং আসামিসহ পলাতকদের প্রত্যর্পণ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

একাত্তরের অমীমাংসিত ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, বিএনপি প্রকৃত অর্থেই একাত্তরকে ধারণ, লালন ও পালন করে এবং দলটি কখনও মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেনি।

তিনি বলেন, একাত্তর সবার, এটি কারও বাপ-দাদার সম্পত্তি নয়। ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশ কোনও দেশের সঙ্গেই শত্রুতা চায় না; বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষা করে পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মুসলিম বিশ্বসহ সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে পাকিস্তানের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন, একাত্তরে যা ঘটেছিল তার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে এবং বাংলাদেশ নিজেদের আত্মমর্যাদা বিসর্জন না দিয়েই সামনের দিকে এগিয়ে যাবে।

এ সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যেসব দেশের কর্মকাণ্ড বা নীতি বাংলাদেশের সংবিধান ও বিশ্বাসের পরিপন্থি, তাদের ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারণী অবস্থান সেই অনুযায়ীই নির্ধারিত হয়।

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যমান চুক্তিটিই নবায়ন বা অব্যাহত রাখতে চায় এবং এ বিষয়ে ইতোমধ্যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই চুক্তির গুরুত্ব ভারত ভালোভাবেই জানে উল্লেখ করে তিনি বলেন, ভারত কূটনৈতিক ও রাজনৈতিকভাবে এই চিঠির জবাব দেবে এবং আলোচনার টেবিলে বসবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। এ ছাড়া যথাসময়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনা ও হাদির হত্যাকারীসহ সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত আনার বিষয়ে এখনও নতুন কোনও হালনাগাদ তথ্য নেই জানিয়ে তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি ও আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগলেও ভারত সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক আন্তরিকতা থাকলে তারা এই প্রক্রিয়া দ্রুততর করতে পারে, যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা যায়।

ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর বাতিলের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণেই তিনি শুধু বাংলাদেশ নয়, থাইল্যান্ড সফরও বাতিল করেছেন বলে দেশটির পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে।

পাশাপাশি দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা বা বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নিজেদের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে, তাদের মুখে কোনও অঞ্চল স্বাধীন করার হুমকি নিছক ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ ছাড়া আর কিছুই নয়।

Translate