স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীবাহী নৌকা উদ্ধার, ১৪ জনের মৃত্যু।

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা উদ্ধারের পর ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ছয়জনকে আকাশপথে হাসপাতালে নেওয়া হয়েছে।

নৌকাটি এল হিয়েরো দ্বীপের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে আটলান্টিক মহাসাগরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার হওয়া অভিবাসীদের দ্বীপটির লা রেস্তিঙ্গা বন্দরের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সেনেগাল ও গাম্বিয়া থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিপজ্জনক নৌপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করছেন হাজার হাজার মানুষ।

এ ঘটনায় ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো গভীর উদ্বেগ প্রকাশ করে স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন। উত্তাল সমুদ্র, অতিরিক্ত যাত্রী এবং অনিরাপদ নৌযানের কারণে এই অভিবাসন রুটে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

Translate