জাপানি কনসোর্টিয়ামের হাতে যাচ্ছে ঢাকার তৃতীয় টার্মিনাল, ২০২৮ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালুর লক্ষ্য।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে আগামী ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করবে সরকার। চুক্তির পর ১৪ মাসের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের ফেব্রুয়ারিতে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

চুক্তি অনুযায়ী, পরিচালনাকারী প্রতিষ্ঠান টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। তবে রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা, ইমিগ্রেশন ও কাস্টমসের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম সরকারি সংস্থার নিয়ন্ত্রণেই থাকবে।

রাজস্ব বণ্টনের শর্ত অনুযায়ী, পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রাথমিক পর্যায়ে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে। টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে এই হার বেড়ে ২৭ শতাংশ হবে। নির্ধারিত সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে প্রতিবার ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।

প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনাল বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রাখে। এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট এবং ৩৭টি উড়োজাহাজ পার্কিং বে রয়েছে। পাশাপাশি নতুন কার্গো টার্মিনালগুলোতে বছরে প্রায় ৮ লাখ ২০ হাজার মেট্রিক টন পণ্য হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর আংশিক উদ্বোধনের পর দীর্ঘদিন ধরে চালুর অপেক্ষায় থাকা এই টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিমান পরিবহন, আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে সরকার।

Translate