বঙ্গোপসাগরের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমায় মাছ ধরার নৌযানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ এবং দুর্যোগে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন ও নিজস্ব সার্ভার অবকাঠামোর মাধ্যমে ২০২৮ সালের মধ্যে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে, যা পুরো সমুদ্রসীমায় সর্বোচ্চ ৩০ মিনিটের ব্যবধানে নজরদারি নিশ্চিত করবে। এই প্রযুক্তি চালু হলে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধার তৎপরতা সহজ হওয়ার পাশাপাশি পরিকল্পিত যাত্রাপথের মাধ্যমে বছরে প্রায় ৪ কোটি ৫০ লাখ লিটার ডিজেল সাশ্রয়, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং সমুদ্র অর্থনীতির টেকসই ব্যবস্থাপনা জোরদার হবে।