রাজধানী ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধনকালে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঢাকার বিদ্যমান ৯৮টি রুট কমিয়ে ৩২টি নির্ধারিত রুটে আনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক ধাপে ছয়টি সাধারণ ও একটি চক্রাকারসহ মোট সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে, যেখানে প্রতিটি রুটের বাসের জন্য থাকবে পৃথক রঙ ও রুট নম্বর। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ঢাকায় একটি পরিকল্পিত ও বিশ্বমানের জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি।