১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরুর আহ্বান চাঁদপুরের সম্মেলনে

‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ স্লোগানে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে উৎপাদনমুখী উদ্যোগ ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। ১৮ কোটি মানুষের বিশাল বাজারকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসায়ীদের উৎপাদন খাতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সম্পদ অর্জনের পাশাপাশি সততা বজায় রাখা জরুরি। সঠিক পরিকল্পনা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি সম্ভব। সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা বক্তব্য দেন। বক্তারা নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

Translate