সিসা দূষণ প্রতিরোধে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব

শিশুদের সুস্থ বিকাশ, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসা দূষণ প্রতিরোধে ২০২৬-২০৩৫ মেয়াদি জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, সিসামুক্ত বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্পপ্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০২৬-২০৩৫ মেয়াদি জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদন করেছে।

তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, দূষিত এলাকার পুনর্বাসন, নিরাপদ শিল্পব্যবস্থাপনা ও নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ জোরদার করতে হবে। ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারির নিরাপদ সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) কাঠামো প্রণয়নের কাজও চলছে।

সেমিনারে সিসা দূষণ প্রতিরোধে ‘সিসামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় যুব জোট’ চালু করা হয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সিসা দূষণ শনাক্তকরণ সক্ষমতা বাড়াতে দুটি বহনযোগ্য এক্স-রে ফ্লুরোসেন্স (এক্সআরএফ) বিশ্লেষণযন্ত্র হস্তান্তর করা হয়। মন্ত্রী এ উদ্যোগে তরুণদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

Translate