‘সিন্ডিকেটের অস্তিত্ব যেন না থাকে’

সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য। বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হলে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে।

পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, প্রকল্পটি চালুর নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর চেষ্টা করা হবে।

এর আগে তিনি পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল ও নারায়ণগঞ্জ সাইলো পরিদর্শন করেন এবং খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

Translate