লটারিতে ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বাছাই

ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে পদায়নের জন্য সারা দেশের ১৩১ জন ‘এ ক্যাটাগরি’র সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয়ে এই লটারির আয়োজন করা হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ঢাকার পোস্টিংকে অনেক সময় ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। পদায়নে স্বচ্ছতা আনতেই প্রথম ধাপে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। তাদের দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা ও সংশ্লিষ্ট স্টেশনের প্রয়োজন বিবেচনা করে ঢাকার বিভিন্ন অফিসে পদায়ন করা হবে।

মন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত এবং প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ‘প্রাইজ পোস্টিং’-এও স্বচ্ছ প্রক্রিয়ায় পদায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, লটারির উদ্দেশ্য কাউকে বিশেষ সুবিধা দেওয়া নয়। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাকে ঢাকায় রাখা হবে না।

Translate