ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সমাধানে সরকার কাজ করছে। পাশাপাশি নিজেদের অধিকার ও উন্নয়নে তাদের আরও সচেতন, উদ্যোগী ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ভূমি-সংক্রান্ত সমস্যা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমাধানের ওপরও গুরুত্ব দেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

Translate