মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ কমে বাজারে সংকট তৈরি হয়েছে। এক মাসে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে ১ লাখ ৬০ হাজার টন থেকে ১ লাখ ২০ হাজার টনে নেমেছে।
বিইআরসি সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করলেও বাজারে তা ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি ৪০০–৫০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।
আমদানিকারকদের দাবি, লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে পরিবহন ঝুঁকি বাড়ায় কার্গো ও জাহাজের সংকটের পাশাপাশি পরিবহন খরচ বেড়েছে। এলপিজি অপারেটরদের মতে, প্রতি টন কার্গোর প্রিমিয়ামও ১৬০ ডলার থেকে বেড়ে ২৬০–৪০০ ডলারে উঠেছে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, কয়েকটি প্রতিষ্ঠানের জাহাজ সময়মতো বন্দরে না পৌঁছানোয় সেপ্টেম্বরে ঘাটতি তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় আমদানিকারকদের সঙ্গে দ্রুত বৈঠক করা হবে।