নেপালে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।
বিশেষ করে মানাং, পিসাং, চামে, পোখারা, মুস্তাং ও আশপাশের পার্বত্য এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন সড়ক ও ট্রেকিং রুটে যোগাযোগ ব্যাহত হচ্ছে।
দূতাবাস বাংলাদেশি পর্যটকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, আবহাওয়া ও সড়কের পরিস্থিতি যাচাই এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।