রোহিঙ্গা সংকটের সঙ্গে কক্সবাজারে মানবপাচারের ঝুঁকিও বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ৪০৭টি মানবপাচারের ঘটনা শনাক্ত হয়েছে।
একই বছর ৬ হাজারের বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হন। তাদের মধ্যে ৮৯০ জনের বেশি নিহত বা নিখোঁজ হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সমুদ্রযাত্রা করেছেন ৪ হাজার ৩৪৯ জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ বেশি।
চাকরি, শিক্ষা ও বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার এবং জোরপূর্বক শ্রম, যৌন শোষণ ও অপহরণের ঝুঁকির কথাও জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। একই সঙ্গে পাচারের শিকার ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও সুরক্ষা দেওয়ার ব্যবস্থায় সম্ভাব্য ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘ বাংলাদেশ সরকারের কাছে মানবপাচার প্রতিরোধ, উদ্ধার ব্যক্তিদের সুরক্ষা এবং রোহিঙ্গাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।