এনসিটি ইজারা বন্ধসহ চার দাবিতে দুই দিনের আলটিমেটাম

এনসিটি ইজারা বন্ধসহ চার দাবিতে দুই দিনের আলটিমেটাম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধসহ চার দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই দিনের সময় বেঁধে দিয়েছে তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধ, আন্দোলনকারী নেতাকর্মীসহ ১৫ কর্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের অপসারণ এবং বন্ধ থাকা নিয়োগ কার্যক্রম চালু করে শূন্য পদে জনবল নিয়োগ।

দাবি না মানলে ২২ সেপ্টেম্বর নিমতলা বিশ্বরোড থেকে ওয়ানস্টপ পর্যন্ত মানববন্ধন এবং ২৭ সেপ্টেম্বর ফকিরহাট ৩ নম্বর গেট থেকে ওয়ানস্টপ পর্যন্ত বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা দাবি করেন, এনসিটি লাভজনক স্থাপনা হওয়ায় এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রয়োজন নেই। তারা আরও দাবি করেন, ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়া হলে দেশের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

Translate