আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি নৌ ইউনিটের ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ কারণে এ সংঘর্ষ ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ভারতের অভিযোগ, ১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির সামরিক মহড়া ও সেনা চলাচলসংক্রান্ত বিধান পাকিস্তান লঙ্ঘন করেছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সামরিক ইউনিটগুলোকে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট চুক্তির বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে ভারত। একই বিষয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর ধারায় আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে।