সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রাতের আকাশে মহাকাশপ্রেমীদের জন্য থাকছে বেশ কিছু আকর্ষণীয় দৃশ্য। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহজেই দেখা যাবে শনি গ্রহ। পাশাপাশি শুক্র, বৃহস্পতি, শরৎকালীন নক্ষত্রমণ্ডল ও অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিও পর্যবেক্ষণের সুযোগ থাকবে।
২৬ সেপ্টেম্বর ঢাকার আকাশে দেখা যাবে পূর্ণিমার চাঁদ, যা ‘হারভেস্ট মুন’ নামেও পরিচিত।
সেপ্টেম্বরের শেষভাগ শনি পর্যবেক্ষণের জন্য বিশেষ উপযোগী। সূর্যাস্তের পর গ্রহটি ক্রমেই আকাশে উঁচুতে উঠবে। খালি চোখে শনি উজ্জ্বল বিন্দুর মতো দেখা গেলেও বাইনোকুলার বা ছোট টেলিস্কোপে এর বলয় এবং সবচেয়ে বড় উপগ্রহ টাইটান দেখা যেতে পারে।