যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হাল ছেড়ে দেওয়ার এবং ‘সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানানোর পরদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, ইরান ‘যুদ্ধ ও কূটনীতি উভয় ক্ষেত্রেই জিতেছে’।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আরাঘচি বলেন, যারা শুরুতেই তেহরানের ‘শর্তহীন আত্মসমর্পণ’ চেয়েছিল, তারাই পরে আলোচনার জন্য অনুনয়-বিনয় করেছে। ইরানের তাসনিম বার্তা সংস্থার বরাতে এ খবর জানা গেছে।
আরাঘচি তার বক্তব্যে উল্লেখ করেন, বিশ্বজুড়ে ইরানের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিশ্বের কথিত সবচেয়ে বড় সামরিক শক্তি, সামরিক শক্তির দাবিদার একটি সেনাবাহিনী এবং অঞ্চলের ভেতরে ও বাইরের প্রায় সব পশ্চিমা দেশ এবং আরও কয়েকটি রাষ্ট্রের সমর্থনের বিপরীতে ইরান টানা কয়েক দিন ধরে প্রতিরোধ গড়ে তুলেছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা শর্তহীন আত্মসমর্পণ চেয়েছিল, যুদ্ধ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই তারা আলোচনার জন্য আকুতি জানাতে থাকে।
তিনি আরও দাবি করেন, তেহরান শুরুতে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল এবং ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে গেছে, যতদিন না অপরপক্ষ যুদ্ধবিরতি ও ইরানের শর্ত মেনে নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে।
ইরানের দৃঢ় অবস্থান তুলে ধরে আরাঘচি বলেন, আমরা শক্তি দিয়ে লড়েছি এবং শক্তি দিয়ে আলোচনা করেছি। অনেক পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, আপনারা যুদ্ধ এবং কূটনীতি উভয় ক্ষেত্রেই বিজয়ী হয়েছেন।
সূত্র: আনাদোলু