চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি যৌথ ‘সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ (STX)’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বানৌজা ঈসা খান-এ নৌবাহিনীর ব্যবস্থাপনায় মহড়াটি পরিচালিত হয়।
কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (CDRT) আভিযানিক সক্ষমতা বাড়াতে আয়োজিত এই মহড়ায় নৌবাহিনীর ৪৫৫ জন এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মূলত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) স্টেকহোল্ডারদের দক্ষতা বাড়াতে নিয়মিতভাবে যে ‘Basic Assistance and Protection Course for Responders (BAPCOR)’ প্রশিক্ষণের আয়োজন করে, এটি তারই অংশ।
অনুশীলন চলাকালীন রাসায়নিক দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করা হয়। যার মধ্যে রয়েছে-দুর্ঘটনাস্থল নিরাপদকরণ ও ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার রোধ এবং আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, নিরাপদ স্থানে স্থানান্তরসহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ অনুশীলন এবং উদ্ধারকারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ।
মহড়াটিতে অংশগ্রহণকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ, দায়িত্ব বণ্টন ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি বাস্তবসম্মত জরুরি পরিস্থিতি মোকাবিলার চর্চা করা হয়। এর ফলে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের মধ্যে আন্তঃসংস্থাগত সমন্বয় ও দ্রুত সাড়া প্রদানের সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে বন্দর, জাহাজ, শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণহানি ও পরিবেশের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।