চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো গোলাপি বাস, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা

বন্দর নগরী চট্টগ্রামেও নারীদের যাতায়াতের জন্য চালু হলো বিআরটিসির বিশেষ ‘গোলাপি বাস’ সার্ভিস। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরের কালুরঘাট এলাকায় এ সেবা উদ্বোধন করা হয়। এ সেবার আওতায় বিআরটিসির একটি দ্বিতল ও একটি একতলা বাস চলবে।

কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলাচলকারী দ্বিলত বাসটি ৭৫ আসনের, আর একতলা বাসটি ৪৫ আসনের। নারীদের জন্য এ সেবা চালু করেছে রাষ্ট্রীয় সংস্থা বিআরটিসি।

এসব বাসের চালক, সহকারী ও যাত্রী-সবাই নারী থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার। তিনি সেই অঙ্গীকার বাস্তবায়ন করেছেন। এ বাসের চালক ও হেলপার সবাই নারী। চট্টগ্রামের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‌‘নারীরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারেন, সে উদ্দেশ্যেই এ কর্মসূচি শুরু করা হয়েছে। সরকারের অঙ্গীকার অনুযায়ী এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নারী মা-বোনদের জন্য ঐতিহাসিক দিন। চট্টগ্রামে প্রচুর পরিমাণে শিল্পকারখানা আছে। এসব শিল্প কারখানায় আমাদের মা-বোনরা কাজ করেন। বাংলাদেশ সরকার তাদের যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে করতে নারী চালক ও নারী সহকারী দিয়ে নারীদের জন্য বাস সার্ভিস চালু করেছে। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বগুড়ায় এই বাস চালু হলো।’

কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, লালখান বাজার, টাইগার পাস মোড়, দেওয়ান হাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং মোড়, ফ্রি পোর্ট, কাঠগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলবে এই গোলাপি বাস।

বাসগুলো ২২ থেকে ২৫ কিলোমিটার রুটে চলাচল করবে। কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এটাই সর্বনিম্ন। আর কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত ভাড়া ৬৮ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএর চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা।

Translate