মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬

৮ শ যাত্রী নিয়ে ষোলশহরে ৬ ঘণ্টা আটকা পর্যটক এক্সপ্রেস

টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের ষোলশহরের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ডুবে যাওয়া রেললাইনে আটকে গেছে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস । এতে ৮০০ জন যাত্রী রয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। বিকেল ৬টা ৪৫ মিনিট মাগরিবের আযান পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিল। পুনরায় কখন যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন না নিরেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, ‘রেললাইনে পানি এবং কয়েকটি স্থানে গাছ ভেঙে পড়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন সুন্নিয়া মাদ্রাসা এলাকায় থামিয়ে দেওয়া হয়। রেললাইন সচল হলে এটি ছেড়ে যাবে।’

ষোলশহর স্টেশনে ট্রেন থেকে নেমে স্টেশন মাস্টারের কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাধিক যাত্রী। এ সময় ৬ ঘণ্টা ধরে আটকে পড়া ট্রেনের অনেক যাত্রী নেমে বাই রোডে চলে যান। তারা বলেন, ৬ ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে আছে কখন সমস্যার সমাধান হবে কিছুই পরিষ্কার করে বলছে না তারা।

ষোলশহরের জানালিহাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, ‌‘রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক একপ্রেসে ৮০০ জন যাত্রী রয়েছেন।’

স্টেশন মাস্টার নেজাম উদ্দিন আরও বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন এলাকাটি অতিক্রম করেছে। তখনও কোনও সমস্যা হয়নি। তবে এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় রেললাইনের ওপর পানি জমতে শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Translate