বুধবার ৩রা জুন, ২০২৬

পানিসম্পদ মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

‎এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান। দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিযোগ বৃদ্ধির আহ্বান জানান তিনি।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান মন্ত্রী।

এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র তিন মাস অতিবাহিত করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

‎রাষ্টদূত বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। গণতন্ত্র সুসংহত করা মানবাধিকার সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।

Translate