মাঝআকাশে এক উশৃঙ্খল যাত্রীর কাণ্ড দেখে চরম আতঙ্কের মধ্যে পড়েন ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। ৩৬ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় ওই যাত্রী বিমানের দরজা খোলার চেষ্টা করেন এবং অন্য এক যাত্রীকে মারধরও করেন। এই ঘটনার জেরে বিমানটিকে জরুরি ভিত্তিতে ওয়াশিংটন ডালেস বিমানবন্দরে ঘুরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, ফ্লাইট ১৫৫১ নামের বোয়িং ৭৩৭ বিমানটি নেউয়ার্ক থেকে গুয়াতেমালা সিটির দিকে যাচ্ছিল। উড্ডয়নকালীন সময়ে এক যাত্রী উড়োজাহাজের ভেতরে তুমুল হট্টগোল শুরু করেন। পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) মধ্যকার কথোপকথনের অডিও থেকে জানা যায়, ওই যাত্রী বিমানের পেছনের কেবিনের দরজাটি খোলার চেষ্টা করেছিলেন।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ইউনাইটেড এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে এক যাত্রী বিমানবালাকে মারধর করেন এবং ককপিটে প্রবেশের চেষ্টা চালান। পরে নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। পোর্ট অথরিটি পুলিশ বিভাগ জানিয়েছে, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে মানসিক মূল্যায়নের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এফএএ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত প্রায় ৫০০টি উচ্ছৃঙ্খল যাত্রীর প্রতিবেদন জমা পড়েছে, যার মধ্যে কেবল এপ্রিল মাসেই ছিল ১১০টি ঘটনা। ওই এপ্রিল মাসের শেষের দিকে একটি ভিডিওতে দেখা গিয়েছিল, ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান যখন রানওয়েতে দাঁড়িয়ে ছিল, তখন এক ব্যক্তি সেটির কেবিনের দরজা খোলার চেষ্টা করছেন।
সূত্র: উইয়ন নিউজ