শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এই ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাকিব খান লেখেন, “একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার!”
তিনি আরও লেখেন, “শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।”
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানিয়ে এই চিত্রনায়ক বলেন, “এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’”
শাকিব খানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছেন।
উল্লেখ্য, সম্প্রতি শিশু রামিসাকে হত্যার অভিযোগে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিচার দাবিতে প্রতিবাদ দেখা দেয়। রামিসার পরিবারের অভিযোগ, নির্মম নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে।