চট্টগ্রামে অপরিচ্ছন্নতার দায়ে কাচ্চি ডাইনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ মে) নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।
অভিযানকালে মোহরা এলাকার একটি মিষ্টান্ন দোকানে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীর গা থেকে মেয়াদের স্টিকার উঠিয়ে তা বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মোহরা এলাকার মোহরা হোটেলকে বাসি বার্গার ও মোগলাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি, মেয়াদোত্তীর্ণ দই বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আগ্রাবাদ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং অপরিচ্ছন্নতার দায়ে কাচ্চি ডাইনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।