২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার মামলায় অভিযুক্ত ও কারাবন্দি অ্যাক্টিভিস্ট উমর খালিদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লির একটি আদালত। মঙ্গলবার (১৯ মে) তার করা অন্তর্বর্তী জামিনের আবেদনটি আদালত নাকচ করেন। মায়ের অস্ত্রোপচার ও চাচার চেল্লুমের জন্য জামিন চেয়েছিলেন উমর।
অতিরিক্ত দায়রা জজ সমীর বাজপেয়ী উমর খালিদের করা ১৫ দিনের অন্তর্বর্তী জামিনের আবেদনের ওপর শুনানি করেন। উমর খালিদ তার মৃত চাচার মৃত্যুর ৪০ দিন পর করণীয় ধর্মীয় রীতিনীতি (চেল্লুম) অনুষ্ঠানে যোগ দিতে এবং অস্ত্রোপচার হতে যাওয়া অসুস্থ মায়ের দেখাশোনার জন্য এই জামিন চেয়েছিলেন। তবে আদালত তার এই অনুরোধ গ্রহণ করেনি।
২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার মূল পরিকল্পনাকারী হিসেবে উমর খালিদসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে ভারতের সন্ত্রাসবিরোধী আইন আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় মামলা করা হয়েছিল। ওই বছরের ভয়াবহ দাঙ্গায় অন্তত ৫৩ জন নিহত এবং ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।
ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলাকালীন উত্তর-পূর্ব দিল্লিতে এই সহিংসতা ও দাঙ্গা ছড়িয়ে পড়েছিল।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া