বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬

প্লাস্টিক দানা আত্মসাতের মূলহোতা টঙ্গী থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতা মো. আশরাফ আলী সিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ হওয়া ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।

শুক্রবার (১৫ মে) রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন নগরীর হালিশহর এলাকার চৌধুরীপাড়ার মৃত আলমগীর হোসেনের ছেলে ইমাম আলী ওরফে ইমন (২১) এবং গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকার মো. ছায়েদুল হকের ছেলে মো. রাশেদ (২৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হারেছ মোহাম্মদ কুসুম।

তিনি জানান, মো. ওবাইদুল হক খসরু (৩৩) চট্টগ্রাম ট্রান্সপোর্টের ম্যানেজার। প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত প্লাস্টিক দানা ফ্যাক্টরিতে পৌঁছে দিতে মোকাম লিমিটেডের মাধ্যমে একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। ওই কাভার্ডভ্যানে ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা লোড করা হয়েছিল, যার বাজারমূল্য প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা।

চালানপত্র গাড়িচালক মো. রাশেদের কাছে বুঝিয়ে দেওয়া হলেও নির্ধারিত গন্তব্যে মালামাল পৌঁছানো হয়নি। পরে অভিযোগ ওঠে, চালক রাশেদ তার সহযোগীদের নিয়ে গত ৪ মে থেকে ৮ মে’র মধ্যে মালামাল আত্মসাৎ করেন। এ ঘটনায় ৯ মে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ মে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ইমাম আলী ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়।

রাশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আশরাফ আলী সিকদারকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে টঙ্গী পশ্চিম থানাধীন সুদাফা পূর্বপাড়া ভাদাম রোড এলাকার একটি গুদাম থেকে ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা এবং আত্মসাতে ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Translate