ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধে সমর্থন না দেওয়ায় ন্যাটো থেকে স্পেনের সদস্যপদ স্থগিত করা হতে পারে, এমন খবরকে নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রয়টার্সের এক প্রতিবেদনে পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে এমন তথ্য জানানো হলেও সানচেজ একে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দেওয়া ন্যাটো সদস্যদের শাস্তি দেওয়ার উপায়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যার মধ্যে সামরিক জোট ন্যাটো থেকে স্পেনকে বাতিল করার বিষয়টিও ছিল।
তবে এই খবরের প্রতিক্রিয়ায় পেদ্রো সানচেজ বলেন, মাদ্রিদ শুধুমাত্র আনুষ্ঠানিক অবস্থানের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেয়, কোনও অভ্যন্তরীণ চিঠিপত্রের ওপর ভিত্তি করে নয়।
তিনি আরও বলেন, আমরা কোনও ইমেইল দেখে কাজ করি না, আমরা আনুষ্ঠানিক নথিপত্র এবং অবস্থানের ভিত্তিতে কাজ করি।