রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

মার্কিন রণতরীতে আগুন, আহত তিন নাবিক

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঘটা এই দুর্ঘটনায় তিন নাবিক আহত হয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। বর্তমানে রণতরীটি ভার্জিনিয়ার পোর্টসমাউথের নরফোক নেভাল শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম স্টারস অ্যান্ড স্ট্রাইপস এ খবর জানিয়েছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার রণতরীটিতে একটি ছোট আগুনের সূত্রপাত হয়। তবে প্রশিক্ষিত শিপ ফোর্স এবং নরফোক নেভাল শিপইয়ার্ডের কর্মীরা তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আহত তিন নাবিককে জাহাজের মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে নিজেদের পূর্ণ দায়িত্ব পালনে ফিরেছেন। আগুনের কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে।

মার্কিন নৌবাহিনীর নরফোক ফ্লিট ফোর্সেসের মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্থনি ফালভো জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ফলে রণতরীটির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় কোনও দেরি হবে না। চলতি বছরের শেষের দিকে এটি নির্ধারিত সময়েই কাজ শেষ করবে। ফালভো বলেন, জাহাজটি বর্তমানে পুরোপুরি সচল এবং যথাসময়ে বহরে ফিরে আসবে।

Translate