ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ায় তীব্র সংকটের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপেও জ্বালানির দাম আকাশচুম্বী। তবে এই চরম অস্থিরতার মধ্যেই সোলার প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির মতো পরিবেশবান্ধব প্রযুক্তির বিশ্ববাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে চীন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
চীন আগে থেকেই নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বৃহত্তম রফতানিকারক। বর্তমান যুদ্ধ এই খাতের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের স্যাম রেনল্ডস বলেন, ‘ইরান সংঘাত চীনের জ্বালানি উন্নয়ন ও ভূরাজনীতি নিয়ে নেওয়া পদক্ষেপকে পুরোপুরি বৈধতা দিয়েছে।’
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের লি শুও মনে করেন, এই ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য যেকোনও দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র যখন ‘ড্রিল, বেবি, ড্রিল’ নীতির মাধ্যমে জীবাশ্ম জ্বালানিতে জোর দিচ্ছে, ইরান যুদ্ধ সেই নীতির দুর্বলতা উন্মোচিত করেছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অ্যামি মায়ার্স জাফে বলেন, ‘এই জ্বালানি ধাক্কা বৈশ্বিক বাজারে চীনা শিল্পকে সহায়তা করবে এবং আমেরিকার গাড়ি শিল্পকে বড় আঘাত করবে।’
পরিসংখ্যান বলছে, যুদ্ধ শুরুর পর চীনা প্রযুক্তি পণ্যের চাহিদা ব্যাপক বেড়েছে। গত ডিসেম্বরেই সোলার প্যানেল, ব্যাটারি ও ইভি রফতানি রেকর্ড ২২.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ বেশি। হংকংয়ের শেয়ারবাজারে চীনা কোম্পানি বিওয়াইডি ও সিএটিএলের শেয়ারের দামেও উল্লম্ফন ঘটেছে।
জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো এখন বিকল্প খুঁজছে। যুক্তরাজ্যের অক্টোপাস এনার্জি জানায়, মার্চে ইভি লিজিং চাহিদা এক-তৃতীয়াংশ বেড়েছে। পাকিস্তানের ক্ষেত্রে সোলার প্যানেল বড় রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। রিনিউয়েবলস ফার্স্টের নাবিয়া ইমরান বলেন, ‘সোলার না থাকলে এই সংকট আরও ভয়াবহ হতো।’ ধারণা করা হচ্ছে, সোলার ব্যবহারের ফলে আগামী এক বছরে পাকিস্তান ৬.৩ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে।
অন্যদিকে, কয়লা রফতানিকারক দেশ ইন্দোনেশিয়াও এখন বৈদ্যুতিক যানের দিকে ঝুঁকছে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই খাতে বিশেষ মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। চীনা কোম্পানিগুলো ইতোমধ্যে ইন্দোনেশিয়ার ক্লিন এনার্জি সাপ্লাই চেইনে ৫৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের চুক্তি করেছে।
ভিয়েতনামের ইভি নির্মাতা ভিনফাস্ট জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে বিশেষ ছাড় দিচ্ছে। অরোরা রিসার্চের প্যাট্রিক ট্যান মনে করেন, ক্রেতারা আপাতত যুদ্ধের ফলাফল দেখার জন্য অপেক্ষা করলেও দীর্ঘমেয়াদে জ্বালানির উচ্চমূল্য ইভির চাহিদাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।