রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

বিসিবির আরও একজন পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে আগেই তিনজন পদত্যাগ করেছিলেন। আজ শনিবার পদত্যাগ করেছেন আরও একজন, তিনি হলেন ফাইয়াজুর রহমান। আজ বিসিবি সভার পর বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

ফাইয়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান ছিলেন। এছাড়া ঢাকার সিসিডিএমে ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের খবর নিশ্চিত করে ফাইয়াজুর সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’

এ নিয়ে বর্তমান পর্ষদের চারজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। এখনও পর্যন্ত কারও পদত্যাগপত্রই গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।

বিসিবি নির্বাচন নিয়ে এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করেছে। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

Translate