আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দেলুপি’।
২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মানজনক ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি।
উৎসবের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি বাংলাদেশি সিনেমার সমকালীন ভাষা ও নির্মাণশৈলীকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করছে। ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং চলচ্চিত্র প্রেমীদের এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
‘দেলুপি’র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া।’