বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিলো ফ্রান্স। ফিফা প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে তারা। একজন কম নিয়ে জিতেছে উত্তেজনার ম্যাচটি। ফরাসিদের হয়ে একটি করে গোল কিলিয়ান এমবাপ্পে ও উগো একিটিকের। ফিনিশিংয়ে ব্যর্থতায় ভোগা কার্লো আনচেলত্তির ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি ব্রেহমের।
১৫ বছর পর ব্রাজিলকে হারালো ফ্রান্স। সবশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে করিম বেনজেমার গোলে ফ্রান্স ব্রাজিলকে হারিয়েছিল। এরপর ২০১৩ ও ২০১৫ সালে দুই ম্যাচ খেলেই হেরেছিল তারা।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে ৬৬ হাজার ২১৫ জন দর্শকের উপস্থিতিতে পঞ্চম মিনিটে ভালো জায়গায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া।
তবে ৩২ মিনিটে ফ্রান্সকে দারুণ এক গোলে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। মাঝ মাঠে অহেলিয়া চুয়ামেনি বল কেড়ে নিলে পান উসমান দেম্বেলে। তার পাস পেয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে অসাধারণ চিপে বল জালে জড়ান এমবাপ্পে।
ফ্রান্সের হয়ে এটি তার ৫৬তম গোল। এক গোল বেশি নিয়ে সামনে শুধু অলিভিয়ে জিরু। বিরতির আগে ছয় শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি ব্রাজিল। বিরতির পর ছন্দ খুঁজে পায় তারা। সবমিলিয়ে পোস্টে ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে চারটি। তবে হার এড়াতে পারেনি।
৫৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। ডিফেন্ডার ওয়েজলিকে ফাউল করায় শুরুতে হলুদ কার্ড দেখেছিলেন দায়ত উপেমেকানো। পরে ভিএআরে রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ফ্রান্সের খেলাতে ছন্দপতন হয়নি।
১০ জন নিয়েই একিটিকে ব্যবধান ২-০ করেন ৬৫ মিনিটে। মাইকেল ওলিসের থ্রু বল ধরে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড।
৭৮ মিনিটে ব্যবধান কমান ব্রেহমে। বাইলাইন থেকে কাসেমিরোর কাটব্যাক পেয়ে শট নেন লুইস এইহিক। মাঝ পথে পা বাড়িয়ে দিক বদলে জালে জড়ান ব্রেহমে।
ম্যাচের একেবারে শেষ দিকে ডি বক্সের বাইরে থেকে ব্রেহমেহের শটে থিয়াগো বা ভিনিসিয়ুস জুনিয়র পা ছোঁয়াতে পারলে ড্রও হতে পারত ম্যাচটি।
তা না হওয়ায় হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির দলকে।