চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নতুন সুখবর দিলো স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলার সিনেমাহল রূপ নিয়েছে মাল্টিপ্লেক্সে। এবারের ঈদুল ফিতরের দিন থেকেই এটি স্টার সিনেপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এতে রয়েছে ৭২ ও ১৬ আসনের দুটি থিয়েটার। ইতোমধ্যে এই সিনেমাহল অধিগ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স।
২০২২ সালে চট্টগ্রামের চকবাজারের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে চালু হয় স্টার সিনেপ্লেক্সের একটি শাখা। এবার নতুন আরেকটি শাখা দর্শকদের সিনেমা উপভোগের সুযোগকে আরও বিস্তৃত করবে বলে সংশ্লিষ্টদের আশা।
নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সুযোগ-সুবিধার জন্য সিনেমাপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। দর্শকদের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে এর নতুন নতুন শাখা তৈরি হচ্ছে। ঈদুল ফিতরের দিন ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে চালু হচ্ছে নতুন একটি শাখা।
স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া ও মার্কেটিং) মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে নতুন নতুন শাখা নির্মাণের কাজ চলছে। ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে স্টার সিনেপ্লেক্স স্থাপন করা হবে।’
বর্তমানে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি, ধানমন্ডিতে সীমান্ত সম্ভার, মহাখালীতে এসকেএস টাওয়ার, বিজয় সরণিতে সামরিক জাদুঘর এবং মিরপুর-১ নম্বরে সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের একটি করে শাখা রয়েছে।