যুক্তরাষ্ট্র,ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পর্ষদ প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন পর্ষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি।
রবিবার তিনি জানান, নতুন নেতা নির্বাচনের বিষয়ে পর্ষদের সদস্যদের মধ্যে বড় ধরনের অগ্রগতি হয়েছে। তবে প্রক্রিয়াটিতে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নেতা নির্বাচন নিয়ে আলোচনায় এখন শেষ ধাপের প্রস্তুতি চলছে। এর আগে শনিবার বিশেষজ্ঞ পর্ষদের একজন জ্যেষ্ঠ আলেম জানান, সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য পর্ষদ সদস্যরা এক দিনের মধ্যে বৈঠকে বসবেন।
ইরানের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পর্ষদের সদস্যদের মধ্যে একটি বিষয়ে সামান্য মতভেদ দেখা দিয়েছে। সেটি হলো চূড়ান্ত সিদ্ধান্ত কি সশরীর বৈঠকের মাধ্যমে নিতে হবে, নাকি আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই ঘোষণা করা সম্ভব।
নূর নিউজ প্রকাশিত এক ভিডিওতে পর্ষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, বর্তমান পরিস্থিতিতে সশরীর উপস্থিত হয়ে চূড়ান্ত ভোট দেওয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। সেই পরামর্শ ছিল, ইরানের শীর্ষ নেতা এমন একজন হতে হবে যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা করবে না।
বাছাই করা উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেকাসির বলেন, এমনকি বড় শয়তান হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রও তার নাম উল্লেখ করেছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে অগ্রহণযোগ্য পছন্দ।
সূত্রঃ রয়টার্স