রবিবার ১৯শে জুলাই, ২০২৬

মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে

বিএনপি ক্ষমতায় যেতে পারলে বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ ও মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান।

নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের জনসংখ্যার ৫১ শতাংশ নারী। দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

রোববার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবাবিষয়ক এক আলোচনা ও চা চক্রে তিনি এসব কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও নিকেতনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি নির্বাচিত হলে নারীদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে জোবাইদা রহমান বলেন, আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব। উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে। অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।’

জোবাইদা রহমান বলেন, মনে পড়ছে বাংলাদেশের সেই অন্তঃসত্ত্বা মা-বোনের কথা, যারা সন্তান জন্ম দেওয়ার সময় চিকিৎসার অভাবে অকালে ঝরে পড়ে। আমাদের পরিকল্পনার মধ্যে আছে, প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবার দিকে খেয়াল রাখতে হবে। আমার আজ মনে পড়ছে অবহেলিত সেই কন্যা শিশুর কথা, যে প্রতিদিন ভয়ে থাকে, শঙ্কায় থাকে, সে বুঝি বাল্যবিবাহের শিকার হবে। কখন তার জীবনের স্বপ্ন চুরমার হয়ে যাবে। আমরা নিশ্চিতভাবে বলতে চাই, বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে। কোনো কন্যাশিশু আর মন খারাপ করে থাকবে না, যে কখন তার সব স্বপ্ন চুরমার হয়ে পড়ে যাবে। আজ চিন্তা হচ্ছে সেই কর্মজীবী মহিলার কথা এবং কলেজ ইউনিভার্সিটির সেই ছাত্রীর কথা, যাকে প্রতিক্ষণ অস্বস্তিকর অন্যায় ব্যবহারের শিকার হতে হয়। যে স্বস্তিতে যাতায়াত করতে পারে না, হাজারো লক্ষ গার্মেন্ট কর্মী, বোন যাদের রাতের অন্ধকারে চলাচলে নেই নিরাপত্তা। তারাও চায় মাতৃত্বকালীন ছুটি। আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতনে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি।

ডা. জোবাইদা আরও বলেন, আমরা নিশ্চিত করতে চাই, নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা ও কর্মস্থলে ডে-কেয়ার সেন্টার। প্রত্যেক মা নিশ্চিন্তে তার কর্মস্থলে কাজ করতে পারবে। আজ মনে পড়ে সেই বয়োবৃদ্ধ নারীর কথা, যাকে বৃদ্ধাশ্রমের একটি গেটের সঙ্গে তার পরিবারের লোকজন বেঁধে রেখেছিল। সেই মায়ের প্রতি আমরা জানাতে চাই মা-বাবার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে।

Translate