শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

উগান্ডায় বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থীকে অপহরণের অভিযোগ: পুলিশের অস্বীকার

উগান্ডায় বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়েইনকে হেলিকপ্টারে অপহরণের অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে, যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার দেশটির সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। শুক্রবার সেই নির্বাচনের ভোট গণনার সময় সন্ধ্যায় কাম্পালার বাসা থেকে ওয়েইনকে অপহরণ করার অভিযোগ উঠেছে। সেসময় দেশটিতে ইন্টারনেট ব্ল্যাক আউট চলছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবরটি জানিয়েছে।

পুলিশের মুখপাত্র কিতুমা রুসোকে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ববি ওয়েইন এখনও তার বাড়িতেই রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই অসত্য ও ভিত্তিহীন কথা ছড়াচ্ছেন। উগান্ডার পুলিশ মূলত নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমন এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করছে। কারণ এসব জায়গায় অনেক লোকজন জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তারা সে বিষয়ে সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছেন।

ববি ওয়াইনের ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম পার্টি প্রথমে দাবি করেছে যে, কাম্পালার ওয়েইনের বাড়িতে হেলিকপ্টার অবতরণ করে নিরাপত্তা বাহিনী তাকে অজানা স্থানে নিয়ে যায়। পরে ওয়েইন নিজেও ফেসবুকে পোস্ট করে জানান, মাগেরে জেলার বাড়িতে শুক্রবার রাতে খুবই কঠিন পরিস্থিতি ছিল এবং নিরাপত্তা বাহিনীর ভারী উপস্থিতি ছিল। তার ছেলে সলোমন কাম্পালাও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য দেন, প্রথমে বলেন, তার বাবা-মা উভয়েই অপহৃত হয়েছেন, পরে জানান, তার বাবা পালিয়ে গেছেন কিন্তু মা এখনও গৃহবন্দি।

ভোট গণনায় ৯৪ শতাংশ কেন্দ্রের ফলাফলে প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি ৭২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, ববি ওয়াইন পেয়েছেন ২৪ শতাংশ। শনিবারের মধ্যে চূড়ান্ত ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে, যার ফলে মুসেভেনির ৪০ বছরের শাসন আরও বাড়বে।

নির্বাচনের সময় ইন্টারনেট ব্ল্যাক আউটের বিস্তর সমালোচনা রয়েছে আন্তর্জাতিক মহলে। তবে উগান্ডা কর্তৃপক্ষ বলছে, গুজব নিয়ন্ত্রণ ও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়া ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Translate