ভারতের সঙ্গে দারুণ লড়াই করে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। কিন্তু সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে দ্বিতীয় ম্যাচে উল্টো চিত্র দেখলো রাহবার খানের দল। মালদ্বীপের কাছে ৬-১ বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককে ননতাবুরি স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের শুরু থেকেই ছিল মালদ্বীপের আধিপত্য। ৪-০ গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগে বাংলাদেশ এক গোল করে। কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুটি গোল হজম করে। কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও হারের ব্যবধান আর কমাতে পারেনি রাহবাররা।
পুরুষ দল দুই ম্যাচ খেলে এখনও জয় পায়নি। তবে নারী দল প্রথম ম্যাচেই জিতেছে। ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে। অধিনায়ক সাবিনা খাতুন দুটি ও সুমাইয়া এক গোল করেন। আগামীকাল বাংলাদেশ নারী ফুটসাল দল ভুটানের মুখোমুখি হবে।