বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

ইউক্রেনে যুদ্ধ সমাপ্তির বিষয়ে অগ্রগতি ছাড়াই শেষ হলো ট্রাম্প-পুতিন বৈঠক

ইউক্রেনে যুদ্ধের অবসান বা বিরতির বিষয়ে কোনও সমঝোতা ছাড়াই শেষ হলো বহুল আলোচিত আলাস্কা বৈঠক। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ই তাদের সাক্ষাতকে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে (বাংলাদেশ সময়) শুরু হওয়া ওই আলোচনা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকের পর কয়েক মিনিটের জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দুই পরাশক্তির প্রধান নেতা। নির্দিষ্ট কোনও বিষয়ের কথা উল্লেখ না করে উভয়েই দাবি করেছেন, তাদের মধ্যে অগ্রগতি অর্জন হয়েছে।

ট্রাম্প বলেছেন, আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি। তবে কোনও চুক্তি হওয়ার আগ পর্যন্ত কোনও চুক্তি নেই।

গত ৮০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ থামানো বা অন্তত যুদ্ধবিরতি কার্যকরের মতো বাস্তবসম্মত কোনও পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের তরফে মেলেনি। অথচ বৈঠকের আগেই ট্রাম্প যুদ্ধবিরতির লক্ষ্য ঘোষণা করেছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসাকেই পুতিনের জন্য একটি সাফল্য হিসেবেই আখ্যা দিচ্ছেন অনেক বিশ্লেষক, কারণ ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে পশ্চিমা নেতাদের কাছে তিনি অনেকটা একঘরে হয়ে আছেন।

বৈঠকের পর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে অগ্রগতি হওয়ায় চীনের ওপর রাশিয়ার তেল কেনার কারণে যে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তা আপাতত স্থগিত রাখবেন।

তবে ভারতের ওপর তিনি ইতোমধ্যে ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছেন।

রাশিয়ার ওপরও তিনি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন, তবে চলতি মাসের শুরুতে ট্রাম্পের নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা পুতিন উপেক্ষা করার পরও এখনও তা কার্যকর করা হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিয়েভের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

Translate