অধিনায়ক লিওনেল মেসির চোটে অস্বস্তিতে পড়েছে ইন্টার মায়ামি। পেশির চোট গুরুতর না হলেও তার ফেরা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি মেজর লিগ সকার ক্লাব। শুধু জানিয়েছে, সেবার পর আর্জেন্টাইন তারকার শরীর কেমন সাড়া দেয়, তার ওপর নির্ভর করছে সব কিছু।
শনিবার নেকাক্সার বিপক্ষে লিগস কাপে খেলার সময় মেসি ডান পায়ে চোট পান। তার চোট নিয়ে ইন্টার মায়ামি বিবৃতিতে বলেছে, ‘লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলার সময় পেশির অস্বস্তির কারণে মেসিকে মাঠ ছাড়তে হয়েছিল, তার অবস্থা বুঝতে পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার ফলে দেখা গেছে, তার ডান পায়ে পেশিতে হালকা আঘাতের ঘটনা ঘটেছে। তিনি কখন খেলতে পারবেন, তা নির্ভর করবে তার চিকিৎসার অগ্রগতি ও সাড়া দেওয়ার ওপর।’
ম্যাচের শুরুতেই বল ড্রিবল করে বক্সে ঢোকার সময় প্রতিপক্ষের রাউল সানচেজ ও অ্যালেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষে পেশিতে টান অনুভব করেন মেসি। সেই সময় তিনি মাটিতে পড়ে যান এবং হতাশ হয়ে হাত দিয়ে ঘাসে আঘাত করেন। কয়েক মিনিট পর চিকিৎসা সহায়তা চান।
১১তম মিনিটে তিনি মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘ইনজুরিটি খুব গুরুতর নয় বলেই মনে হচ্ছে, কারণ মেসির ব্যথা না, শুধু অস্বস্তি হচ্ছিল।’
ইন্টার মায়ামি ওই ম্যাচের শেষ মুহূর্তে জর্ডি আলবার গোলে ২-২ সমতা ফেরায় এবং পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে অতিরিক্ত পয়েন্ট অর্জন করে।