ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ-আপ বাংলাদেশ। কমিটিতে আহ্বায়ক মো. জসিম উদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন কাজী সালমান।
১৬৩ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন— আনিসুর রহমান মেহেদী, মুদাসেসর আলম, আশরাফুন নাহার, মাসউদুল ইসলাম (মাসউদ), আরমান শাহাদাত জনি, শহীদুল ইসলাম মুহিত, খালিদ সাইফুল্লাহ ও মাইদুল ইসলাম।
যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন— ফাইজুল্লাহ মাহমুদ, ডা. সাজ্জাদ হোছাইন, মুনিরা রহমান, মুনতাকীম রাজীব, মো. আল আমিন শুভ, গালিব আল মাহদী, তানভির হোসেন সানজি, মাহমুদুল হাসান, শাহাজাদা মোহাম্মদ ইউসুফ ও নাজমুস সাকিব রাশিদ ।
কমিটির সদস্যরা ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে উঠে আসা জুলাই যোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ছাত্র-যুব কর্মী ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত। এই কমিটি ঢাকাব্যাপী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সমাজমুখী, গণমুখী ও মূল্যবোধনির্ভর রাজনীতির ভিত্তি গড়ে তুলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশক্রমে কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
বিজ্ঞপ্তিতে আপ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ জানান, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্মবিদ্বেষ, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ক্রমান্বয়ে একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে আগামী ১ আগস্ট রাজধানীর শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে সংগঠনটি।