রবিবার ১৯শে জুলাই, ২০২৬

ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ৫ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: রিজভী

সংবিধান ছুঁড়ে ফেলার পক্ষে বিএনপি নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিএনপি কখনোই আপস করেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়াই দলীয় প্রেরণার মূল উৎস, যিনি বারবার রক্ষা করেছেন গণতন্ত্রের অস্তিত্ব।’

সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় দলীয় নীতিতে কোনো ছাড় নেই জানিয়ে এই নেতা বলেন, বিভিন্ন জেলায় সংগঠনের গঠনমূলক কাজ চলার পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। বিশৃঙ্খলা সৃষ্টি করা চার থেকে পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ।

শৃঙ্খলা ও নীতিগত কঠোরতার বার্তা দিয়ে বিএনপি ভবিষ্যতের আন্দোলন ও দল গঠনে আরও সুসংগঠিত হতে চায় বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন-বিয়োজন করা গণতান্ত্রিক ধারাবাহিকতা। কেউ সংবিধানকে ছুড়ে ফেলার কথা বললেই তো হলো না।

রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং অনৈতিক ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।

বিএনপির এ নেতা বলেন, সম্প্রতি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকায় ৪ থেকে ৫ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বনানীতে যুবদলের এক নেতার নারীদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনার পরপরই বহিষ্কার করা হয়েছে।

Translate