রবিবার ১৯শে জুলাই, ২০২৬

ইসরাইল ও ইরানকে ‘অবিলম্বে’ যুদ্ধ থামানোর আহ্বান চীনের

দুই চিরশত্রু দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যেই চীন আবারও ইসরাইল ও ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছে এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশটি।

সোমবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা সব পক্ষকেই আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেয়। তারা যেন এ অঞ্চলের আরও অস্থিরতার দিকে চলে যাওয়া ঠেকায় এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করে’।

এর আগের দিন রোববার আরেক মুখপাত্র বলেছিলেন, ‘চীন এ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী’।

এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে কয়েকদিন ধরে চালানো হামলার পর ইসরাইলি বাহিনী জানায়, তারা এখন পশ্চিম ইরান থেকে শুরু করে তেহরান পর্যন্ত আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

এদিন এক টেলিভিশন বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অ্যাফি ডেফরিন বলেন, ‘এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি, তেহরানের আকাশসীমায় আমরা পূর্ণ বিমান আধিপত্য প্রতিষ্ঠা করেছি’।

তার এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী ইলাম প্রদেশের মুসিয়ান শহরের পৌরসভার ফায়ার সার্ভিস ভবনে বর্বর হামলা চালানো হয়েছে।

অন্যদিকে সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ওই অঞ্চলের একটি হাসপাতালেও বোমাবর্ষণ করা হয়েছে। দু’টি সংবাদমাধ্যমই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বলে পরিচিত।

এদিকে, হামলাকালে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এই হামলার মধ্যদিয়ে ইরান-ইসরাইলের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় সংঘাত আরও চরমে পৌঁছেছে। তেহরান ও পশ্চিম ইরানজুড়ে বোমা হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে।

Translate